বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং দুর্গম পর্যটন এলাকা থেকে শতাধিক পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৮ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া, মুসলিমপাড়াসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। পরে পানিবন্দি পরিবারের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে থানচির দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় আটকে পড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে অতীতের ধারাবাহিকতায় এবারও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।