সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন আনসার-ভিডিপির মহাপরিচালক
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় অনুষ্ঠিত মহড়া পরিদর্শনকালে তিনি মহড়ায় অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনীর কর্মকর্তারা মহড়ার সার্বিক অগ্রগতি, কৌশলগত পরিকল্পনা, উদ্দেশ্য এবং অংশগ্রহণকারী সদস্যদের সক্ষমতা সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহড়ার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, আন্তঃবাহিনী সমন্বয় এবং অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, এ ধরনের যৌথ মহড়া জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ দিনব্যাপী গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ গত ৫ জুলাই শুরু হয়েছে এবং আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সব ডিভিশনে একযোগে অনুষ্ঠিত হবে।

এবারের মহড়ায় প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা।
মহড়ায় অংশগ্রহণের আগে তাদের প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধকৌশল বিষয়ে তিন দিনব্যাপী বিশেষ অন-দ্য-জব ট্রেনিং (ওজেটি) দেওয়া হয়। প্রশিক্ষণে রেইড, অ্যাম্বুশ, ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন মাইনর অপারেশনের বাস্তবভিত্তিক অনুশীলন অন্তর্ভুক্ত ছিল।

আনসার-ভিডিপি সূত্র জানায়, বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনগুলোকে নতুনভাবে সুসংগঠিত করা হয়েছে। শিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আনসার-ভিডিপির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
পরিদর্শনকালে ঢাকা মহানগর আনসারের পরিচালক আসাদুজ্জামান গণীসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।