বন্যাদুর্গত মানুষের পাশে হিল আনসার ও হিল ভিডিপি, উদ্ধার-ত্রাণ ও ওষুধ বিতরণে মানবিক ভূমিকা
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী মানুষের উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ কার্যক্রমে মানবিক ভূমিকা পালন করছেন হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে সমন্বয় করে তারা দুর্গত মানুষের পাশে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকায় হিল ভিডিপি সদস্য মুসা মিয়ার নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্যরা ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছেন। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে তিনি পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে নিয়মিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
জানা গেছে, প্রায় দুই বছর আগে নিজস্ব অর্থায়নে একটি ইঞ্জিনচালিত নৌকা কিনে জনসেবামূলক এই উদ্যোগ শুরু করেন মুসা মিয়া। বর্তমানে ওই নৌকার মাধ্যমে বন্যায় আটকে পড়া মানুষ উদ্ধার, অসুস্থ রোগী পারাপার, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং গবাদিপশু পারাপারের মতো গুরুত্বপূর্ণ সেবা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, খাগড়াছড়ি সদর উপজেলার ২ নম্বর কুমিল্লা টিলা হিল আনসার পোস্টের হিল আনসার হাবিলদার মো. জাহাঙ্গীর আলম মহালছড়ি ও পাকিজাছড়ি এলাকায় বন্যাকবলিত প্রায় ৪০০ থেকে ৫০০ পানিবন্দী মানুষকে নৌকাযোগে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি মহালছড়ি জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমেও তিনি সক্রিয় সহযোগিতা করেন।
এদিকে, দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হলে বাবুছড়া ৭ বিজিবি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহবন্দী মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে হিল ভিডিপি সদস্যরা শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং বিজিবির ত্রাণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলের জনগণকে সংগঠিত করে জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করেন। খাগড়াছড়ির চলমান বন্যা পরিস্থিতিতে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যদের উদ্ধার অভিযান, পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ ও বিনামূল্যে ওষুধ বিতরণে সক্রিয় অংশগ্রহণ সেই উদ্দেশ্যেরই বাস্তব প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।