বন্যাদুর্গত মানুষের পাশে নৌবাহিনী, চট্টগ্রামে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন প্লাবিত এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর একটি দল চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেলতলা এবং নেভি হাসপাতাল গেট সংলগ্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে পানিবন্দি ও দুর্গত পরিবারগুলোর কাছে নৌবাহিনীর সদস্যরা রান্না করা খাবার পৌঁছে দেন।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্গত মানুষের খাদ্যসংকট লাঘব এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে নৌবাহিনী মাঠপর্যায়ে কাজ করছে।
নৌবাহিনীর সদস্যরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী খাদ্যসহ অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আকস্মিক বন্যায় অনেক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে এবং রান্নার সুযোগও হারিয়েছে। এমন পরিস্থিতিতে নৌবাহিনীর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে। তারা দুর্যোগের সময়ে নৌবাহিনীর মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।