বরকলে বন্যার্ত ৩০ পরিবারের পাশে ১২ বিজিবি, খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বরকল উপজেলার হরিণা জোন (১২ বিজিবি) বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কর্ণফুলী নদীর উজানের ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে বন্যার্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন বিজিবির সদস্যরা।

হরিণা জোন (১২ বিজিবি) সূত্র জানায়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীর উজানে আকস্মিক বন্যায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার নদীতীরবর্তী অধিকাংশ ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্বজনদের বাড়িতে এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক পরিবার খাদ্যসংকটে পড়ে। এমন পরিস্থিতিতে তাদের সহায়তায় এগিয়ে আসে বিজিবি।

হরিণা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে অ্যারাবুনিয়া এলাকায় বন্যাকবলিত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাইসহ প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী ছিল।
এছাড়া স্থানীয় দারুল উলুম নূরানী তা’লীমুল কুরআন একাডেমি মাদ্রাসার শিক্ষকদের সম্মানী বাবদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জোন অধিনায়কলেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার মানুষের যেকোনো দুর্যোগে পাশে থাকা বিজিবির দায়িত্বের অংশ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত হরিণা জোন (১২ বিজিবি) ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।