বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ
![]()
কক্সবাজার প্রতিনিধি
বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বন্যাকবলিত এলাকার পরীক্ষা পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের প্রধান সড়কের গুনগাছ তলা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, বন্যা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে থাকলেও পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে। এতে বহু পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়েছেন এবং মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন।
বিক্ষোভ চলাকালে কিছু শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পথচারীদের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগও ওঠে।
প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভের কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভ শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা বন্যাকবলিত এলাকার এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।