কাপ্তাইয়ে বারির কফি ও কাজুবাদাম চাষ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ, অংশ নিলেন ৩০ বৈজ্ঞানিক সহকারী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত কফি ও কাজুবাদামের আধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং প্রক্রিয়াজাতকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ৩০ জন বৈজ্ঞানিক সহকারী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প-এর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে কফি ও কাজুবাদাম অত্যন্ত সম্ভাবনাময় অর্থকরী ফসল। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এসব ফসলের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের আয় বাড়ানো সম্ভব। গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতিকুর রহমান, পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান এবং রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. এমদাদুল হক। স্বাগত বক্তব্য দেন বান্দরবান সদর সরেজমিন গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী বৈজ্ঞানিক সহকারীরা কফি ও কাজুবাদামের আধুনিক চাষাবাদ, পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা, সংগ্রহোত্তর সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বারি উদ্ভাবিত উন্নত জাতের বিভিন্ন ফলজ গাছের চারা স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হয়। একই সঙ্গে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
আয়োজকদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর এবং কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।