জম্মু ও কাশ্মীরে সশস্ত্র হামলা, পুলিশ সদস্য নিহত
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ শহরে সশস্ত্র সদস্যদের অতর্কিত হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে অনন্তনাগ শহরের লাল চকে একটি পুলিশ দলের ওপর ‘সন্দেহভাজন সন্ত্রাসীরা’ অতর্কিত গুলি চালায়। হামলার সময় ওই পুলিশ দলটি অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন ছিল।
হামলায় হেড কনস্টেবল আশিক হুসেইন কোরেশি (৩৫) গুরুতর আহত হন। তাকে দ্রুত অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে এনডিটিভি। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।
অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে বর্তমানে অনন্তনাগ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে জম্মু ও কাশ্মীরে টানা প্রতিকূল আবহাওয়ার কারণে গত চার দিন ধরে অমরনাথ যাত্রা স্থগিত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।