কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, আটকে পড়েছেন ১৩ ভারতীয় নাবিক

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, আটকে পড়েছেন ১৩ ভারতীয় নাবিক

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, আটকে পড়েছেন ১৩ ভারতীয় নাবিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলের চর্নোমোরস্ক বন্দরের কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির মধ্যে সেখানকার বন্দরে একটি পণ্যবাহী জাহাজে ১৩ ভারতীয়সহ ১৫ ক্রু আটকা পড়েছেন। এমনটাই জানিয়েছে ফরওয়ার্ড সিয়ামেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ভারতীয় নাবিকদের এই সংগঠনটি সতর্ক করে বলেছে, আটকে থাকা ক্রুরা এক ‘ভয়াবহ ও প্রাণঘাতী অবস্থায়’ পড়ে আছেন। যেকোনো মুহূর্তে সরাসরি আঘাত হানতে পারে ড্রোন বা ক্ষেপণাস্ত্র, এই ‘অনবরত আতঙ্কের’ মাঝেই দিন কাটছে তাঁদের। তবে কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এফএসইউআই বলেছে, ‘জরুরি আবেদন | ইউক্রেনের চর্নোমোরস্ক বন্দরে থাকা এমভি আমির ১ জাহাজে ১৩ জন ভারতীয় নাবিকসহ মোট ১৫ জন ক্রু আটকা পড়েছেন। তাঁরা অত্যন্ত আশঙ্কাজনক ও জীবনঘাতী পরিস্থিতিতে রয়েছেন।’

সংগঠনটি আরও বলেছে, ‘জাহাজের একদম কাছে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। যেকোনো মুহূর্তে সরাসরি হামলা হতে পারে—এমন চরম আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন ক্রুরা।’ পরিস্থিতি বিবেচনায় তারা ভারত সরকার, জাহাজের মালিক, যে দেশের পতাকাবাহী জাহাজ সেই দেশের সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।

বার্তায় আরও বলা হয়, ‘সংঘাতপূর্ণ এলাকায় ভারতীয় নাবিকদের এভাবে সহজ লক্ষ্যবস্তু হিসেবে ফেলে রাখা যাবে না। এখনই পদক্ষেপ নিন।’

বন্দর এলাকার অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বোঝাতে নাবিকদের এই ইউনিয়নটি একটি ভিডিও প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে ভিডিওটি ওই জাহাজ থেকেই ধারণ করা, যাতে দেখা যাচ্ছে জাহাজের চারপাশে তীব্র ধোঁয়া উড়ছে। তবে ১৩ জন ভারতীয় নাবিক বিপদে পড়ার এই সংবাদের বিষয়ে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জাহাজ কোম্পানিগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইউক্রেনের দক্ষিণ উপকূলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক দিনগুলোতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ঠিক এর পরপরই নতুন এই সহায়তার বার্তা প্রকাশ্যে এল। এর আগে গত সোমবারেও কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্দর পোলিশচুককে তলব করেছিল ভারত। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা রাষ্ট্রদূতের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলার ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ের মধ্যে এমভি ওমরফি নামের সেই জাহাজটি ইউক্রেনীয় ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে খবর প্রকাশিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *