উখিয়া সীমান্তে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া সীমান্তে পাচারকালে ধাওয়া দিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। সংস্থাটির দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
বুধবার (২৯ জুলাই) বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মঞ্জুর আলী (৪০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতেরবিল এলাকার আনোয়ার আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতেরবিল সীমান্ত এলাকায় নাফ নদী পার হয়ে মিয়ানমারের দিক থেকে মাথায় একটি বস্তা নিয়ে আসছিলেন সন্দেহভাজন এক ব্যক্তি। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।