চন্দ্রঘোনায় বন্যাদুর্গতদের পাশে জেলা পরিষদ, ৮ হাজার ৫০০ কেজি চাল বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা পরিষদ। সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাদ্দের আওতায় রাঙামাটি জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য থেকে এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ক্যাসিং মং মারমা।
জানা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়া হয়। এছাড়া অন্যান্য উপকারভোগীদের মধ্যে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।

রাঙামাটি জেলা পরিষদ সূত্রে জানা গেছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন চালের একটি অংশ হিসেবে চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ৮ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপকারভোগীরা খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগকালে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।