১৭ বছর পর মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, দায়িত্বে হাবিব-মীর
![]()
জার্নাল প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি এবং মীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মানিকছড়ি উপজেলা টাউন হল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বিচার-সালিশের নামে সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়ে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনকল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্মেলন শেষে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি এবং মীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে দলীয় নেতাকর্মীরা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।