বাংলাদেশ থেকে পালানো সন্ত্রাসীদের ভারতে জায়গা দেয়া প্রত্যাশিত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে ভারতে আশ্রয় না দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন জানিয়ে তিনি বলেন, এখনো সফরের কোনো তারিখ নির্ধারণ হয়নি। দুদেশের প্রধানমন্ত্রীর সময়সূচি সমন্বয় করে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আমরা যেভাবে ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় জায়গা দেব না, একইভাবে আমরা প্রত্যাশা করি না, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী দিল্লি বা সার্বভৌম ভারতের ভূখণ্ডে জায়গা পাক।
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো তারিখ নির্ধারণ হয়নি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সময় নির্ধারণ করা হবে। দুদেশের প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী আমরা তারিখ নির্ধারণ করব।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) আগে সফরটি হতে পারে কিনা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই রকম কোনো তারিখ নির্ধারণ হয়নি। কোনো তারিখ নির্ধারণ হলে বলতে পারতাম চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু আমরা কোনো তারিখে সম্মত হইনি। আলোচনা হচ্ছিল।
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের ক্ষেত্রে ৫ আগস্টের ঘটনা কোনো প্রভাব ফেলছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আলোচনার সময়, ৫ আগস্টের একটি ঘটনা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এখন আলোচনা চলছে। দেখা যাক, একটি পর্যায়ে স্বাভাবিকভাবে যখন সময়টা অনুকূল হবে, অবশ্যই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। আমরা এখনো কোনো তারিখ নির্ধারণ করিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।