টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান, গোলাগুলিতে সেনাসদস্য নিহত

টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান, গোলাগুলিতে সেনাসদস্য নিহত

টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান, গোলাগুলিতে সেনাসদস্য নিহত

ফাইল ছবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম সৈনিক মো. তিতাস শেখ (২৯)। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গভীর পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙ্গালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছিল। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরে তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যৌথ বাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় তরুণ সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।

দেশের নিরাপত্তা রক্ষা ও মানবপাচার প্রতিরোধে দায়িত্ব পালনকালে সৈনিক তিতাস শেখের এই আত্মত্যাগ জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed