ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৮০৬ কিলোমিটার বেড়া নির্মাণ সম্পন্ন, বাকি প্রায় ৫০ কিলোমিটার

ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৮০৬ কিলোমিটার বেড়া নির্মাণ সম্পন্ন, বাকি প্রায় ৫০ কিলোমিটার

ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৮০৬ কিলোমিটার বেড়া নির্মাণ সম্পন্ন, বাকি প্রায় ৫০ কিলোমিটার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের সঙ্গে ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ৮০৫ দশমিক ৯৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। এখনো প্রায় ৫০ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণের কাজ বাকি রয়েছে বলে রাজ্যটির স্বরাষ্ট্র দপ্তর বিধানসভাকে জানিয়েছে।

সম্প্রতি বিধানসভায় তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানায় ত্রিপুরার স্বরাষ্ট্র দপ্তর। তিনি সীমান্তে বেড়া নির্মাণের অগ্রগতি, কোন কোন এলাকায় কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে এবং দ্রুত নির্মাণকাজ শেষ করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—এসব বিষয়ে জানতে চেয়েছিলেন।

স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের কয়েকটি এলাকায় এখনো সীমান্ত বেড়া নির্মাণের কাজ শেষ হয়নি। অসম্পূর্ণ অংশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বেলোনিয়া; ধলাই জেলার লংথরাই ভ্যালি, কমলপুর, আমবাসা ও গান্ধাছড়া; উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর; খোয়াই এবং সেপাহিজালা জেলার সোনামুড়া এলাকা।

রাজ্য সরকার অবশিষ্ট সীমান্তে দ্রুত বেড়া নির্মাণকাজ শেষ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার বিষয়টি উত্থাপন করেছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। দ্রুত কাজ শেষ করতে কেন্দ্রের হস্তক্ষেপও চাওয়া হয়েছে।

তবে সীমান্তে বেড়া নির্মাণের কাজে বিলম্বের জন্য ভৌগোলিক ও পরিচালনাগত বিভিন্ন চ্যালেঞ্জকে দায়ী করেছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে খাড়া ও উঁচু পাহাড়ি ভূখণ্ড, প্রস্তাবিত বেড়া নির্মাণের পথ দিয়ে নদী ও ছড়া প্রবাহিত হওয়া, সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে আপত্তি এবং নির্মাণকাজে নিয়োজিত সংস্থাগুলোর বিলম্ব।

ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৮০৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হলেও প্রায় ৫০ কিলোমিটার অংশ এখনো অসম্পূর্ণ। ফলে বাকি এসব এলাকায় সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা রাজ্যটির জন্য এখনো একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *