আদালতের স্থগিতাদেশ দাবির মুখেও রাতের আঁধারে গির্জা গুঁড়িয়ে দিল ভারতীয় প্রশাসন
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় গত রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে একটি গির্জা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গির্জা কর্তৃপক্ষের দাবি, ভবনটির ওপর আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) বলবৎ থাকা সত্ত্বেও এই পদক্ষেপ নেওয়া হয়। বিতর্কিত ভবনটি কালেওয়াড়ির রাজওয়াড়ে নগর এলাকায় অবস্থিত ছিল।
পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, তারা অবৈধ নির্মাণের বিরুদ্ধে একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে এবং প্রায় ৭,৪০০ বর্গফুট আয়তনের একাধিক কাঠামো উচ্ছেদ করেছে। তবে তাদের অফিসিয়াল বিবৃতিতে কোনো আদালত বা স্থগিতাদেশের কথা উল্লেখ করা হয়নি।
গির্জার সদস্যরা অভিযোগ করেছেন যে, তাদের আগে থেকে কোনো নোটিশই দেওয়া হয়নি। বিগত প্রায় এক দশক ধরে সেখানে প্রার্থনা করতে আসা রোজ জানান, রাতের বেলায় তারা অভিযানের খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা তিনটি জেসিবি এক্সকাভেটর এবং প্রায় ৭০০ পুলিশ সদস্যের এক বিশাল উপস্থিতি দেখতে পান।
সদস্যরা সেখানে দায়িত্বরত কর্তৃপক্ষকে স্থগিতাদেশ এবং পরদিন সোমবার নির্ধারিত শুনানি সম্পর্কে জানালেও উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়নি।অভিযোগ উঠেছে, কর্মকর্তারা ভেতরে ঢুকে লোকজনকে জোড়পূর্বক বের করে দেন। এমনকি কেউ যেন ছবি বা ভিডিও তুলতে না পারে, সেজন্য ফোন কেড়ে নেওয়া বা ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়।
দরিদ্র সদস্যদের কষ্টার্জিত অনুদানের টাকায় কেনা ফ্যানসহ ভেতরের নানা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রোজ আক্ষেপ করে বলেন, “আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের অনেকেই বেশ দরিদ্র।” তবে আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন, তা তারা মেনে নেবেন বলেও জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।