লামায় জব্দ ড্রেজার নিয়ে নিলামে হট্টগোল, অফিস সহায়কের বাড়িতে মেশিন পাওয়ার অভিযোগ
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের লামায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযানে জব্দ করা ড্রেজার মেশিনের উন্মুক্ত নিলামকে কেন্দ্র করে চরম হট্টগোল ও অনিয়মের অভিযোগ উঠেছে। নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানে জব্দ করা ভালো অবস্থার কয়েকটি ড্রেজার মেশিন নিলামস্থলে পাওয়া যায়নি। এর পরিবর্তে সেখানে জরাজীর্ণ ও অকেজো মেশিন রাখা হয়েছে। এমনকি নিখোঁজ বলে দাবি করা দুটি ড্রেজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক মো. সোহেলের বাড়িতে পাওয়া গেছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী।
জানা গেছে, গত কয়েক মাসে লামা উপজেলা প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩টি ড্রেজার মেশিন ও আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করে। সরকারি নিয়ম অনুযায়ী সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জব্দ করা ড্রেজারগুলো উন্মুক্ত নিলামে তোলার সময় নির্ধারণ করা হয়। নিলামে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় অর্ধশত ব্যবসায়ী অংশ নেন।
তবে উপজেলা প্রশাসন নির্ধারিত সরকারি মূল্যের দর না পাওয়ায় শেষ পর্যন্ত নিলাম স্থগিত করা হয়। নিলাম স্থগিত হওয়ার পরই জব্দ করা মালামালের উপস্থিতি ও অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। একপর্যায়ে নিলামস্থলে ব্যবসায়ীদের মধ্যে তুমুল হট্টগোল ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
নিলামে অংশ নেওয়া ব্যবসায়ী আরিফুল ইসলাম ও মো. আইয়ুব অভিযোগ করেন, প্রশাসনের অভিযানে জব্দ করা বেশ কয়েকটি ভালো ড্রেজার মেশিন নিলামস্থলে নেই। সেগুলোর পরিবর্তে সেখানে ছোট, জরাজীর্ণ ও অকেজো কিছু মেশিন রাখা হয়েছে। তাদের দাবি, ভালো অবস্থার মেশিনগুলো সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত অফিস সহায়ক মো. সোহেল রাতের আঁধারে ভালো অবস্থার দুটি ড্রেজার মেশিন সরিয়ে নিজের বাড়িতে নিয়ে যান এবং সেখানে অকেজো দুটি ড্রেজার রেখে দেন। নিলাম চলাকালে অকেজো ও ভাঙাচোরা মেশিনগুলোর দাম ৪ লাখ টাকা হাঁকা হলে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়। ভালো মেশিনগুলো কোথায়—এমন প্রশ্নকে কেন্দ্র করে নিলামস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে কয়েকজন ব্যবসায়ী ইউএনও কার্যালয় থেকে প্রায় ৫০০ গজ দূরে অবস্থিত সোহেলের বাড়িতে যান। তাঁদের দাবি, সেখানে তারা নিখোঁজ বলে অভিযোগ করা দুটি ড্রেজার মেশিন দেখতে পান। এ ঘটনাকে কেন্দ্র করেই নিলামস্থলে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয় বলে ব্যবসায়ীরা জানান।
এদিকে অফিস সহায়ক মো. সোহেলের বিরুদ্ধে বদলির আদেশ অমান্য করে নতুন কর্মস্থলে যোগদান না করারও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, প্রশাসনিক শৃঙ্খলা ও দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তাকে আলীকদম উপজেলায় বদলির আদেশ দেওয়া হলেও তিনি সেখানে যোগদান না করে লামাতেই কর্মরত রয়েছেন। প্রভাব খাটিয়ে তিনি পূর্বের কর্মস্থলে অবস্থান করছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
সোহেলের বিরুদ্ধে বিভিন্ন দাপ্তরিক কাজের মেশিনপত্র কেনাবেচা ও আর্থিক লেনদেনে সম্পৃক্ততার অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার একটি ফোনালাপ ও অডিও যোগাযোগ প্রকাশ পাওয়ার পর এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, ওই অডিওতে সোহেলকে রুবেল নামে সাবেক এক কর্মীকে প্রায় দুই বছর আগের একটি মেশিনের মালিকানা সম্পর্কে নির্দিষ্ট বক্তব্য দিতে শেখানোর মতো কথা বলতে শোনা যায়। তবে অডিওটির সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
একদিকে বদলির আদেশ উপেক্ষা করে কর্মস্থলে অবস্থান, অন্যদিকে জব্দ করা ড্রেজার মেশিন এবং দাপ্তরিক লেনদেন নিয়ে একের পর এক অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং জব্দ করা সব ড্রেজার ও সরঞ্জামের তালিকা, বর্তমান অবস্থান ও নিলাম প্রক্রিয়া স্বচ্ছভাবে যাচাইয়ের দাবি জানিয়েছে। একই সঙ্গে বদলি সংক্রান্ত প্রশাসনিক আদেশ বাস্তবায়নের বিষয়টিও খতিয়ে দেখার দাবি উঠেছে।
তবে সোহেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, একই ধরনের ড্রেজার মেশিন অনেকের কাছেই থাকতে পারে। সোহেলের বাড়িতে থাকা ড্রেজার প্রশাসনের অভিযানে জব্দ করা মেশিন—এটি কীভাবে নিশ্চিত হওয়া গেল, সে প্রশ্নও তোলেন তিনি। ইউএনওর দাবি, একটি অসাধু সিন্ডিকেট সরকারি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতেই এসব বিষয় সামনে আনছে।
বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস বলেন, লিখিত অভিযোগ বা সংবাদ প্রকাশিত হলে বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।