মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের কঠোর নিন্দা
![]()
জার্নাল প্রতিবেদক
পবিত্র মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশ গভীর সম্মান পুনর্ব্যক্ত করছে। একইসঙ্গে পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি আরব ও সেদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।
পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বাবস্থায় সম্পূর্ণরূপে বজায় রাখা এবং নিশ্চিত করা আবশ্যক বলেও এতে উল্লেখ করা হয়।
সৌদি আরব অভিযোগ করেছে, পবিত্র নগরী মক্কার দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন তারা ভূপাতিত করেছে।
প্রসঙ্গত, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ড্রোনটি সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটিকে ধ্বংস করে দেয়।
মঙ্গলবার সৌদি আরব মক্কা নগরীতে নিরাপত্তা সতর্কতা জারি করে। ২০১৭ সালে হুতিদের সর্বশেষ হামলার চেষ্টার পর এই প্রথম পবিত্র শহরটিতে এমন সতর্কতা জারি করা হয়।
তবে কয়েক মিনিটের মধ্যেই এই সতর্কবার্তা তুলে নেওয়া হয়। একই সময়ে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দা ও তায়েফ শহরেও একই ধরনের সতর্কতা জারি করা হয়।
যদিও ইয়েমেনের সাবা বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে হুতিদের এক সামরিক সূত্র বলেছে, মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানের জন্য তারা হুমকি— দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।