পাকিস্তান-আফগানিস্তান বিরোধ মেটাতে সৌদির মধ্যস্থতা চায় তালেবান
![]()
জার্নাল প্রতিবেদক
আফগানিস্তানের ভেতরে পাকিস্তান সামরিক অভিযান চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। একই সঙ্গে পাকিস্তান-আফগানিস্তান বিরোধ মেটাতে সৌদি আরবের আরও সক্রিয় ভূমিকা চেয়েছে কাবুল।
সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান যদি আফগান ভূখণ্ডে হামলা চালায়, তাহলে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার আফগানিস্তানের রয়েছে।
তিনি বলেন, পাকিস্তান যদি আন্তর্জাতিক আইনের আত্মরক্ষার অধিকার সংক্রান্ত ৫১ নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে আফগান ভূখণ্ডের পবিত্রতা লঙ্ঘন করে, তাহলে আফগানিস্তানও নিজেদের দেশ রক্ষার অধিকার প্রয়োগ করবে।
আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে এর ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন মুজাহিদ।
পাকিস্তানের পক্ষ থেকে আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিদের নিয়োগ, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের অভিযোগের জবাবে এসব মন্তব্য করেন তিনি। এর আগে আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রও একই অভিযোগ করেছিলেন।
তবে পাকিস্তানের এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন তালেবানের মুখপাত্র। তিনি বলেন, আফগানিস্তান থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না। অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকেও কাবুল সমর্থন করে না।
মুজাহিদের দাবি, পাকিস্তানের নিরাপত্তা সংকটের জন্য আফগানিস্তানকে দায়ী না করে দেশটির উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দিকে নজর দেওয়া। টিটিপি ও বেলুচ গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অস্থিরতা তালেবান ক্ষমতায় ফেরারও আগে থেকে চলে আসছে বলে দাবি করেন তিনি।
তবে সীমান্ত উত্তেজনার মধ্যেও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে আফগানিস্তান আগ্রহী বলে জানান মুজাহিদ। তিনি দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সহযোগিতার জন্য আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
একই সঙ্গে কাবুল ও ইসলামাবাদের মধ্যকার বিরোধ মেটাতে সৌদি আরবের আরও বড় ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
মুজাহিদ বলেন, সৌদি আরব আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশেরই বন্ধু। তাই দুই দেশের মতপার্থক্য নিরসনে রিয়াদ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।