দীঘিনালায় ১ম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে ১ম স্কাউট লিডার কোর্স-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পর্যায়ে স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং দক্ষ ও দায়িত্বশীল স্কাউট লিডার তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ২২টি বিদ্যালয়ের ৪০ জন কাব স্কাউট লিডার অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কাব লিডার মো. নাজিম, দীঘিনালা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, উপজেলা স্কাউটসের কমিশনার মো. এ কে এম বদিউজ্জামাল এবং দীঘিনালা উপজেলা কাব লিডার ও কোর্স লিডার মো. আনিসুল রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরিতেও স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে তিনি স্কাউট লিডারদের প্রতি আহ্বান জানান।
উপজেলা স্কাউটসের কমিশনার মো. এ কে এম বদিউজ্জামাল বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট লিডারদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যালয় পর্যায়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কাউট লিডাররা বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমে অংশ নেন। প্রশিক্ষণ ও কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় পরে ৪০ জন কাব স্কাউট লিডারের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বিদ্যালয় পর্যায়ে স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা, প্রশিক্ষিত নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউট লিডাররা বিদ্যালয়ে ফিরে তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।