সাজেকে বেড়াতে এসে স্ট্রোকে শিক্ষকের মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির সাজেকে সহকর্মীদের সঙ্গে ভ্রমণে এসে কংলাক পাহাড়ে ওঠার সময় অসুস্থ হয়ে মো. মাসুদুল আলম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। চিকিৎসকের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ১৭ সদস্যের একটি শিক্ষক দলের সঙ্গে সাজেকে ভ্রমণে যান মাসুদুল আলম। কংলাক পাহাড়ে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাঁকে দ্রুত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোফা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. মাসুদুল আলম ঢাকার সাভারের গেন্ডায় অবস্থিত আনন্দপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রথমে অসুস্থ হয়ে পড়েন মাসুদুল আলম। পরে কংলাক পাহাড়ে ওঠার সময় দ্বিতীয় দফায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ অবস্থায় সহকর্মীরা তাঁকে দ্রুত দীঘিনালা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, শিক্ষক দলটি বৃহস্পতিবার সকালে সাজেকে এসেছিল। ভ্রমণের সময় একজন অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তাঁকে চিকিৎসার জন্য দীঘিনালা হয়ে খাগড়াছড়ির দিকে নেওয়া হয়। নিহত ব্যক্তি সাভার থেকে এসেছেন বলে তাঁরা জানতে পেরেছেন।
মাসুদুল আলমের আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী ও ভ্রমণসঙ্গীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।