উখিয়ায় পাঁচ খাবার হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি খাবার হোটেল ও রেস্তোরাঁকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কোর্টবাজার ও ইনানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোর্টবাজারের আল মদিনা হোটেলকে ৫০ হাজার টাকা, ইনসাফ হোটেলকে ৫০ হাজার টাকা, শাহ জব্বারিয়া হোটেলকে ৪০ হাজার টাকা এবং মজিদিয়া হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইনানীর ফাইন ডাইনিং রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাঁচটি প্রতিষ্ঠানকে সব মিলিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান নাঈম। এ সময় কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলমসহ নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানে হোটেল ও রেস্তোরাঁগুলোর খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকি করা হয়। জনসাধারণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় উখিয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।