ঈদগাঁওয়ে কিশোরকে কক্ষে আটকে টাকা আদায়ের অভিযোগ, দুই যুবক গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁওয়ে এক কিশোরকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে মারধর করে নগদ টাকা ও বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা অর্থের আলামত ও ঘটনায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি লামারপাড়া এলাকার মো. ফয়সাল (২৬) ও ইব্রাহিম (২৫)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে ভুক্তভোগী সঞ্জয় কান্তি দাশ (১৭) বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে ঈদগাঁও বাজারের সিঙ্গার প্লাজার সামনে থেকে তাকে ডেকে নেওয়া হয়। এরপর ঈদগাঁও-ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনির ভেতরের একটি কক্ষে তাকে আটকে রাখার অভিযোগ ওঠে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই কক্ষে আটকে রেখে সঞ্জয় কান্তি দাশের প্যান্টের পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। পরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার মায়ের মোবাইল ফোনে কল করে বিকাশের মাধ্যমে আরও ৮ হাজার ৬৬০ টাকা নেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে ফয়সাল ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই করা অর্থের আলামত এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ঈদগাঁও থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-১২। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর ঈদগাঁও থানার আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।