জুলাই অভ্যুত্থানে বিএনপি-ছাত্রদলের ভূমিকা নেই—এ প্রচারণা সত্য নয়: রাশেদ খাঁন
![]()
জার্নাল প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও ছাত্রদলের কোনো ভূমিকা ছিল না—জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন প্রথমে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে তিনি ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মী এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাশেদ খাঁন বলেন, ‘অনেক আগে থেকেই এই এলাকায় আসার ইচ্ছা ছিল। বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম শহীদ হওয়ার মধ্য দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে এক ধরনের সাহস জুগিয়েছেন। ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা আমার নৈতিক দায়িত্ব। এ পরিবার তাদের সন্তানকে হারিয়েছে। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’
তিনি বলেন, ‘আমাদের ছাত্রদের একজন নেতা ওয়াসিম আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন।’
জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও ছাত্রদলের কোনো ভূমিকা ছিল না—এমন একটি ‘মিথ্যা নেতিবাচক ধারণা’ জামায়াত ও এনসিপি প্রচার করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, জুলাই আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদেরও ভূমিকা ছিল এবং শহীদ ওয়াসিম আকরাম তার একটি উদাহরণ।

রাশেদ খাঁন আরও বলেন, ‘আপনারা জানেন, যেদিন রংপুরে আবু সাঈদ শহীদ হন, একই দিন একই সময়ে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিমের প্রতি শ্রদ্ধা জানাতেই আমি কক্সবাজারে এসেছি।’
তিনি বলেন, ওয়াসিমের পরিবারের সঙ্গে দেখা করা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি তাঁদের নৈতিক দায়িত্ব। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোও দায়িত্বের অংশ বলে মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সংঘর্ষে ওয়াসিম আকরাম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের নেতা ছিলেন বলে সে সময়ের একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওয়াসিম আকরামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায়। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা হয়েছে এবং জুলাই আন্দোলনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এ সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।