আলীকদমে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদমে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আলীকদম কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার আজহার হোসেন, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ এবং আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হোসাইন আহমেদ।
কর্মসূচিতে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৬০ থেকে ৬৫ জন অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য শিক্ষকদের যথাযথ মর্যাদা, কর্মপরিবেশ ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।