লংগদুতে ভাঙা সেতুর অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলায় জীর্ণ সেতুর ভাঙা অংশ দিয়ে নিচের খালে পড়ে রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারসংলগ্ন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি আটারকছড়া ইউনিয়নের আদর্শপাড়া এলাকার মো. নাছিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাফি করল্যাছড়া বাজারের প্রধান সেতু দিয়ে পার হচ্ছিল। এ সময় দীর্ঘদিন ধরে ভেঙে থাকা সেতুর পাশের অংশের (সাইডওয়াল) ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচের খালে পড়ে যায় সে। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, করল্যাছড়া বাজারের গুরুত্বপূর্ণ এই সেতুর সাইডওয়াল দীর্ঘদিন ধরে ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার বা নিরাপদ করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুর ভাঙা অংশটি দ্রুত সংস্কার করা হলে কিংবা সেখানে নিরাপত্তা রেলিং দেওয়া থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা ভবিষ্যতে আরও দুর্ঘটনা রোধে দ্রুত সেতুটির সংস্কার, ভাঙা অংশ মেরামত এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, করল্যাছড়া বাজারের এই সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সেতুর একটি অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পথচারীদের জন্য এটি নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে। শিশুটির মৃত্যুর পর বিষয়টি নতুন করে সামনে এসেছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।