গুইমারায় গাছে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রায় ৩৮ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার রামসু বাজারসংলগ্ন বটিলা চিতাখোলা এলাকায় একটি গাছে মরদেহটি ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা গুইমারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কারবারি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, খবর পেয়ে যৌথভাবে অজ্ঞাতনামা ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।