লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীছড়ি বাজারে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় আয়োজিত এ ক্যাম্পে সকালে লক্ষ্মীছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) আগত রোগীদের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শতাধিক রোগী চিকিৎসা নেন। প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় সাধারণ মানুষ উপকৃত হয়েছেন।
লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।