স্বামীর মৃত্যুর এক মাস না পেরোতেই স্বর্ণ কেড়ে নিয়ে মা-মেয়েকে ঘরছাড়া করার অভিযোগ
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী এলাকার এক স্বামীহারা নারী ও তাঁর মেয়েসন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারীর অভিযোগ, স্বামী মোহাম্মদ রিয়াদ উদ্দীনের মৃত্যুর এক মাস পার হওয়ার আগেই জোরপূর্বক তাঁর দুই ভরি স্বর্ণ কেড়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ন্যায়বিচার ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
নিহত মোহাম্মদ রিয়াদ উদ্দীনের স্ত্রী জানান, স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। স্বামী হারানোর পর তাঁর শেষ সম্বল হিসেবে থাকা দুই ভরি স্বর্ণ কেড়ে নেওয়া এবং তাঁকে মেয়েসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
মরহুম মোহাম্মদ রিয়াদ উদ্দীন খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খুরশেদ আলমের একমাত্র সন্তান এবং খুটাখালী বাজারের মনজুর সওদাগরের ভাতিজা। তিনি কৈলাসঘোনায় লবণ মাপতে গিয়ে লবণের গর্তের পানিতে পড়ে মারা যান।
স্বামীর মৃত্যুর পর একদিকে শোক, অন্যদিকে আশ্রয় ও অধিকার নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে অভিযোগ করেছেন ওই নারী। তাঁর সঙ্গে রয়েছে ছোট্ট মেয়েসন্তান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মা-মেয়ের নিরাপত্তা, আবাসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং মা-মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্বামী মারা গেলেও স্ত্রীর আইনগত অধিকার শেষ হয়ে যায় না। একইভাবে বাবাকে হারানো একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা ও সুরক্ষা পাওয়ার অধিকারও অক্ষুণ্ন থাকে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ওই নারী ও তাঁর মেয়েসন্তানের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।