সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনীতে প্রতিরক্ষা উপদেষ্টা
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এসব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) প্রতিরক্ষা উপদেষ্টা সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রতিরক্ষা উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদান এবং এর গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিমেন্টের গবেষণা ও নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা অর্জন এবং আধুনিকায়নের বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ছাড়া বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়াসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।