লামায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সোমাইয়া আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন, লামা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী এবং লামা থানার উপপরিদর্শক (এসআই) শেরে আবরার সাদ।

সভায় বক্তারা সমবায় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সমবায় সমিতি পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করা সম্ভব।
বক্তারা সমবায় কার্যক্রমকে গতিশীল করতে সমিতিগুলোর সুশৃঙ্খল পরিচালনা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।