রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক পাজেপ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কালিন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কালিন্দিপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানিয়েছেন, চিংকিউ রোয়াজার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের ১ নম্বর জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পার্বত্য অঞ্চলের হেডম্যান অ্যাসোসিয়েশনেরও একজন নেতা।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাঙামাটিতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে তাদের কেউ কেউ এলাকায় ফিরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক করছেন—এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং স্থানীয়ভাবে কেউ তাদের সহায়তা করছেন কি না, তা খতিয়ে দেখতে রাঙামাটি জেলায় নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় চিংকিউ রোয়াজার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর শনিবার রাতে কালিন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাঙামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।