টেকনাফে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় ৩ মামলা, এজাহারনামীয় আসামি ৯৫
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় আসামি ৯৫ জন এবং অজ্ঞাতনামা ৫২ থেকে ৫৯ জন। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেনাবাহিনীর একজন সদস্য বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ছাড়া মানবপাচার ও অস্ত্র আইনে আরও দুটি মামলা হয়েছে। তিনটি মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামি রয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা-রঙ্গীখালী পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন।
অভিযানে যৌথ বাহিনী ৫৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরদিন শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।