রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার শীর্ষ আসামি বিমান বন্দর থেকে গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় শীর্ষ আসামি খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্রেফতার করেছে এসআরবি-১৫।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আমিন উখিয়া রাজাপালং ইউপির অন্তর্গত কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট, ব্লক- ডি/৪ এর বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক ফারুক জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, কক্সবাজার বিমানবন্দর এলাকায় মাদক, দস্যুতা ও চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম ফেরারি আসামি অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর একটি দল অভিযান পরিচালনা করে খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১টি স্মার্টফোন এবং ১টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার খাইরুল আমিন একজন মিয়ানমারের নাগরিক। সে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে উখিয়া, টেকনাফ এবং নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ১৫টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদক, দস্যুতাসহ বিজ্ঞ আদালত ৩টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির এই কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।