মানিকছড়িতে এক রাতে বিদ্যুতের ৪০০ ফুট সার্ভিস তার চুরি

মানিকছড়িতে এক রাতে বিদ্যুতের ৪০০ ফুট সার্ভিস তার চুরি

মানিকছড়িতে এক রাতে বিদ্যুতের ৪০০ ফুট সার্ভিস তার চুরি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুতের সার্ভিস তার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সর্বশেষ এক রাতে উপজেলার মুসলিমপাড়া এলাকায় একটি বাড়ির প্রায় ৪০০ ফুট বৈদ্যুতিক সার্ভিস তার চুরির অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. ইমরান হাসান। এ ঘটনায় রোববার মানিকছড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। স্থানীয়দের দাবি, গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২০ থেকে ৩০টি বাড়ি ও স্থানে বিদ্যুতের সংযোগ তার চুরির ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মো. ইমরান হাসান তাঁর বাড়ি থেকে প্রায় ৪০০ ফুট দূরে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে সার্ভিস তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন রোববার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে ঘরে বিদ্যুৎ না পেয়ে তিনি বাইরে গিয়ে খোঁজ নেন। এ সময় বৈদ্যুতিক মিটার থেকে সংযোগের খুঁটি পর্যন্ত প্রায় ৪০০ ফুট তার উধাও দেখতে পান।

ইমরান হাসানের দাবি, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তারটি কেটে নিয়ে গেছে। এতে তাঁর প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। উপজেলা সদর ইউনিয়নের পাঞ্চারামপাড়ার আবদুল সাত্তার বলেন, কয়েক দিন আগে তাঁদের বাড়ির প্রায় ৫০০ ফুট বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পান্নাবিল এলাকার শিমুল কান্তি নাথ জানান, বৈদ্যুতিক সার্ভিস তার চুরির ঘটনা উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই ঘটছে। দুই সপ্তাহ আগে তাঁর বাড়ি থেকে প্রায় ৮০ গজ বা ২৪০ ফুট সার্ভিস তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ছাড়া তিনটহরী ইউনিয়নের বাসিন্দা ছোটন দেব নাথ, উপজেলা পরিষদের কাছের হাজীপাড়ার নীহার বালা ও শিউলী বেগমের বাড়ির বিদ্যুৎ সংযোগের তারও চুরি হয়েছে বলে জানা গেছে।

সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মতিন বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ লাইনের তার চুরি বেড়েছে। পাঞ্চারামপাড়া ও পান্নাবিল এলাকায় একাধিক বাড়িতে এ ধরনের ঘটনা ঘটেছে। তাঁর ধারণা, ক্যাসিনো বা মোবাইল গেমে আসক্ত কিছু তরুণ টাকা সংগ্রহের জন্য তার চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। তবে এ বিষয়ে কোনো তদন্তের ফল পাওয়া যায়নি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ লাইনের তার চুরির খবর পাওয়ার পর পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

ওসি আরও জানান, রোববার সন্ধ্যায় উপজেলার পুরোনো বোতল, টিন ও ব্যবহৃত নষ্ট মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত ভাঙারি দোকানদারদের থানায় ডেকে পাঠানো হয়েছে। পুরোনো মালামাল কেনার ক্ষেত্রে তাঁদের সতর্ক করা হবে, যাতে চোরাই বৈদ্যুতিক তার বা অন্যান্য সামগ্রী কেনাবেচা বন্ধ করা যায়।

একাধিক এলাকায় একই ধরনের চুরির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিদ্যুতের সংযোগ তার চুরি হলে শুধু আর্থিক ক্ষতিই নয়, সংশ্লিষ্ট বাড়িতে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়। তাই চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত করা এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে নজরদারি জোরদার করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *