বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করল রাঙামাটির লেকার্স স্কুলের শিক্ষার্থীরা
![]()
জার্নাল প্রতিবেদক
শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শন করতে যাওয়া রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে তাদের জানতে হবে। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার উদ্দেশ্যও দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তাদের ধারণা দেওয়া, যাতে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দেশের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে পারে।
বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির দ্বিতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধিদল এদিন বঙ্গভবনে যায়। সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় এ পরিদর্শনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এতে অংশ নেন। প্রতিনিধিদলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থীরাও ছিল।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা এত দূর থেকে বঙ্গভবনে এসেছো, তোমরা বঙ্গভবন সম্পর্কে জানতে এসেছো—এতে আমি খুব খুশি হয়েছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।’
এ সময় বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়েও জানতে চান রাষ্ট্রপতি। তারা বঙ্গভবনের তোষাখানা, চিড়িয়াখানাসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছে কি না, সে বিষয়ে খোঁজ নেন তিনি। বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি বহু গুণী ও বিশিষ্ট ব্যক্তির ছবি সংরক্ষিত রয়েছে উল্লেখ করে এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে শিক্ষার্থীদের জানার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও সরাসরি আলাপচারিতায় অংশ নেয়। পরে রাষ্ট্রপতি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
এ সময় রাষ্ট্রপতি রাঙামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙামাটি সফর করব।’
পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল ও তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ এবং বঙ্গভবনের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।