অস্তিত্ব সংকটে ফেনীর কহুয়া নদী, হাজার একর জমিতে সেচ সংকট

অস্তিত্ব সংকটে ফেনীর কহুয়া নদী, হাজার একর জমিতে সেচ সংকট

অস্তিত্ব সংকটে ফেনীর কহুয়া নদী, হাজার একর জমিতে সেচ সংকট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

একসময়ের খরস্রোতা কহুয়া নদী দীর্ঘদিন খনন ও সংস্কারের অভাবে নাব্য হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই নদীতে বর্তমানে কোনো স্বাভাবিক পানিপ্রবাহ নেই। পলি জমা, ময়লা-আবর্জনা এবং দখল-দূষণে ভরাট হয়ে যাওয়ায়, শুষ্ক মৌসুমে তীব্র সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো আবাদ টিকিয়ে রাখতে নিজেদের অর্থায়নে কৃত্রিম বাঁধ দিয়ে সেচের পানির ব্যবস্থা করছেন স্থানীয় কৃষকরা।

ফেনী জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মুহুরী নদীর মোহনা থেকে উৎপত্তি হওয়া কহুয়া নদীর গড়প্রস্থ ২৬ মিটার, গভীরতা পাঁচ মিটার এবং অববাহিকার আয়তন ৬৫ বর্গকিলোমিটার। একসময় এই নদীর বুক চিরে পালতোলা নৌকা ও পণ্যবাহী ট্রলার চলাচল করত। কিন্তু বর্তমানে নদীর অধিকাংশ স্থানে চর জেগে উঠেছে, কোথাও হাঁটুপানি, আবার কোথাও তা সরু নালায় রূপ নিয়েছে। শুকিয়ে যাওয়া নদীর বুকে এখন শিশুরা খেলাধুলা করে।

সরেজমিনে দেখা যায়, নদীর উত্তর কোলাপাড়া অংশের পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার এলাকা শুকিয়ে সরু খালে পরিণত হয়েছে। পরশুরাম উত্তর বাজারের খন্দকিয়া সেতুর নিচে ময়লা-আবর্জনা জমে পানির গতিপথ রুদ্ধ হয়ে আছে। এছাড়া উত্তর কোলাপাড়ার পরিত্যক্ত রেলসেতুর পাথর নদীগর্ভে পড়ে থাকায়, স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কাউতলী গ্রামসংলগ্ন মুহুরী ও কহুয়া নদীর মোহনা থেকে অপরিকল্পিত ও অতিরিক্ত বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। মুহুরী নদীর গভীরতা বেড়ে যাওয়ায়, কহুয়া নদীতে পানি প্রবেশ করতে পারছে না। পাশাপাশি উজানে ভারতের অংশে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগও রয়েছে। এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় এক হাজার একর জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে।

পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের কৃষক মনির হোসেন জানান, প্রতি বছর বোরো মৌসুমে সেচের পানির তীব্র সংকট দেখা দেয়। বাধ্য হয়ে কৃষকরা চাঁদা তুলে মুহুরী নদীর মোহনায় অস্থায়ী বাঁধ নির্মাণ করে কহুয়া নদীতে পানি আনার ব্যবস্থা করেন। নদীতে স্বাভাবিক প্রবাহ থাকলে, কৃষকদের এই বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হতো না।

বিআরডিবির চেয়ারম্যান ও দক্ষিণ কোলাপাড়া গ্রামের বাসিন্দা আবু তালেব রিপন বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত নদীটি ভরাট হয়ে যাওয়ায়, একদিকে শুষ্ক মৌসুমে পানির অভাব, অন্যদিকে বর্ষায় পাহাড়ি ঢলে দুই কূল উপচে ফসলি জমি, পুকুরের মাছ ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দ্রুত খনন করা না হলে নদীটি মানচিত্র থেকে হারিয়ে যাবে।

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বক্সমাহমুদ ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ জমিতে কহুয়া নদীর পানি দিয়ে ধান ও সবজি চাষ হয়। নদী শুকিয়ে যাওয়ায়, কৃষকরা কৃত্রিম বাঁধের মাধ্যমে সেচকাজ চালাচ্ছেন।

তবে নদীটি পুনরুদ্ধারে আশার কথা শুনিয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ড । পাউবোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, সম্প্রতি একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন এবং ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কহুয়া নদী আবার তার স্বাভাবিক রূপ ফিরে পাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *