ইনানীর গ্যাসকূপে আগুন, ১৯ দিন পর নির্বাপণ কাজে নামল বাপেক্স
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘ ১৯ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নেভাতে অবশেষে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ইতিমধ্যে আগুন নির্বাপণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হয়েছে। আনুষঙ্গিক প্রস্তুতি শেষে শনিবার বিকেলে আগুন নেভানোর কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল গ্যাসকূপটি পরিদর্শন করেছে। এ সময় উদগীরিত গ্যাসকূপের ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখেন তারা।
বাপেক্সের ড্রিলিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, গ্যাস উত্তোলনের জন্য সেখানে খনন করা হবে কি না, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। আপাতত নিরাপদে জ্বলন্ত আগুন নির্বাপণ বা নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। তবে গ্যাসের মজুদ নিয়ে অনুসন্ধানের কাজ শুরু না করার আগেই এ বিষয়ে মন্তব্য করতে নারাজ তিনি।
তিনি বলেন, গ্যাসকূপের আগুন বন্ধ করার জন্য সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম আনা হচ্ছে। তবে কবে নাগাদ আগুন বন্ধ করা সম্ভব হবে, তা এখনো বলা যাচ্ছে না। আগুন বন্ধ করার পর গ্যাসের মজুদ নিয়ে বিশেষজ্ঞ দল অনুসন্ধান করবে। সেই অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করার সময় গ্যাস বেরিয়ে আসে। পরে সেই গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে গত ১৮ দিন ধরে জ্বলছে আগুন।
এ ঘটনায় এরই মধ্যে বাপেক্স, পেট্রোবাংলাসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। ঘটনাস্থলের ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।