রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোর ও সকালে উপজেলার পাতাছড়া ও রামগড় ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের নিজ বাড়ি ও বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান (৪৭), পাতাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন (৩৬), পাতাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ইকবাল হোসেন (২৭) এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হানিফ (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার এলাকা থেকে তিনজনকে এবং সকালে রামগড় ইউনিয়নের মধ্যম লামকুপাড়া এলাকা থেকে লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম চার নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।