মাদক প্রতিরোধ: মিয়ানমার সীমান্তে নির্মাণ করা হবে ১০৮ কিলোমিটার ফেন্সিং

মাদক প্রতিরোধ: মিয়ানমার সীমান্তে নির্মাণ করা হবে ১০৮ কিলোমিটার ফেন্সিং

মাদক প্রতিরোধ: মিয়ানমার সীমান্তে নির্মাণ করা হবে ১০৮ কিলোমিটার ফেন্সিং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। তিনি বলেছেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এ কথা বলেন। কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎসগুলো চিহ্নিত করে তা কঠোরভাবে নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। একইসঙ্গে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ উদ্ঘাটনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জোরালো সুপারিশ করেন।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত বিশ্বের আধুনিক দেশগুলোর মতো আমাদেরও সীমান্ত সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে সীমান্ত এলাকায় ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ও ব্যাপক ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি।

মাদকের ভয়াবহতা রোধে কেবল প্রশাসনিক পদক্ষেপে কাজ হবে না উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন একটি শক্তিশালী সামাজিক বিপ্লব। এটি কেবল কোনো একক মন্ত্রণালয় বা নির্দিষ্ট কোনো বাহিনীর একার কাজ কিংবা দায়িত্ব নয়, বরং এটি একটি সামগ্রিক ও সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া মাদক চোরাচালান সম্পূর্ণ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, যৌথ অভিযান পরিচালনা ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দীন আহমদ ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশগ্রহণ করেন। এ ছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থাগুলোর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *