ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নতুন কেন্দ্রীয় কমিটি: সভাপতি সমীরণ, সেক্রেটারি অমর জ্যোতি চাকমা
![]()
জার্নাল প্রতিবেদক
‘নেতৃত্বের পালা বদল হয়েছে, সত্যের জয় অনিবার্য’—এ স্লোগানকে সামনে রেখে পথচলা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ির মধুপুরে সংগঠনটির কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করেন নেতারা। নতুন কমিটিতে আগের সভাপতি সমীরণ চাকমা চার্মীংকে পুনরায় সভাপতি, অমর জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং দীপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পদে দায়িত্ব দিয়ে ১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি সমীরণ চাকমা চার্মীং, সাধারণ সম্পাদক অমর জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক দীপন চাকমা, কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা ও সাধারণ সম্পাদক বাবু চাকমাসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও সম্প্রীতি জোরদারের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। পাহাড়ের মানুষের কল্যাণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইউপিডিএফ গণতান্ত্রিক অঙ্গীকারবদ্ধ। নতুন নেতৃত্বের মাধ্যমে এসব লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।