চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চিংড়ি পোনা উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি, বিদ্যমান ঘাটতি ও চ্যালেঞ্জ চিহ্নিত করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টের হোটেল গোল্ডেন হিলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর প্রস্তুতি মূল্যায়ন: বিদ্যমান ঘাটতি, চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)। এতে অর্থায়ন করে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান। সভাপতিত্ব করেন সেবের সভাপতি ও সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। সেবের অফিস সচিব এস এম বাবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল হক, সেবের সহসভাপতি শাহেদ আলী, মৎস্য খামার মালিক সমিতির সভাপতি মোল্লা শামসুর রহমান, সেবের কোষাধ্যক্ষ আনিসুর রহমান এবং নির্বাহী সদস্য ভুলু চৌধুরী ও মো. আলমগীর।

কর্মশালায় বিজনেস প্রমোশন কাউন্সিলের পক্ষ থেকে প্রকল্পের পটভূমি, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরা হয়। পরে গবেষণার লক্ষ্য, পরিধি, বাস্তবায়ন পদ্ধতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন গবেষণার প্রধান পরামর্শক ড. হাবিবুর রহমান খন্দকার।

উন্মুক্ত আলোচনায় চিংড়ি হ্যাচারি খাতের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যবস্থাপনা, পোনা উৎপাদন ও সরবরাহের তথ্য সংরক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা এবং ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা বাস্তবায়নের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।

এ সময় খাতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদন ও বিপণনব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় চিংড়ি হ্যাচারি মালিক, গবেষক, পরামর্শক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন।

আয়োজকরা জানান, ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা জরুরি। এ লক্ষ্যে পরিচালিত গবেষণায় বিদ্যমান প্রযুক্তিগত, প্রাতিষ্ঠানিক ও ব্যবস্থাপনাগত ঘাটতি চিহ্নিত করা হবে। পাশাপাশি হ্যাচারি মালিক, সরকারি প্রতিষ্ঠান ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত সুপারিশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

বক্তারা জানান, ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা কার্যকরভাবে চালু করা গেলে চিংড়ি পোনা উৎপাদন থেকে সরবরাহ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ সহজ হবে। এতে উৎপাদন ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি পণ্যের উৎস শনাক্তকরণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে চিংড়ির গ্রহণযোগ্যতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *