আসিয়ানের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার হুমকি মিয়ানমারের জান্তা প্রধানের

আসিয়ানের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার হুমকি মিয়ানমারের জান্তা প্রধানের

আসিয়ানের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার হুমকি মিয়ানমারের জান্তা প্রধানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (ASEAN) সঙ্গে মিয়ানমারের সম্পর্ক নতুন করে পর্যালোচনার হুমকি দিয়েছেন দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইং। মিয়ানমার নিয়ে জোটটির সাম্প্রতিক শীর্ষ সম্মেলনের বিবৃতিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে ৩ সদস্য দেশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানী নেপিদোতে পার্লামেন্টে দেয়া ৩ ঘণ্টার এক দীর্ঘ ভাষণে সম্পর্ক পর্যালোচনার হুমকির পাশাপাশি এমন অভিযোগ করেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পর এই পার্লামেন্টে সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) একচ্ছত্র আধিপত্য রয়েছে।

৩ দেশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

ভাষণে মিন অং হ্লাইং দাবি করেন, আসিয়ানের বর্তমান অবস্থান জোটের সব সদস্য রাষ্ট্রের মতামতের প্রতিফলন নয়। বরং, নাম প্রকাশ না করা তিনটি দেশের পক্ষপাতমূলক মনোভাবের কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে তিনি ২০২১ সালের এপ্রিলে গৃহীত আসিয়ানের ‘পাঁচ দফা ঐকমত্য’ (Five-Point Consensus) শান্তি পরিকল্পনায় সম্মতি দেয়ার বিষয়টিও অস্বীকার করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ৩ মাসেরও কম সময়ের মধ্যে জাকার্তা সম্মেলনে ওই শান্তি পরিকল্পনা গৃহীত হয়েছিল। যেখানে মিন অং হ্লাইং নিজেও উপস্থিত ছিলেন।

বৈষম্য ও অসহযোগিতার অভিযোগ

সামরিক প্রধান অভিযোগ করেন, আসিয়ান সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে মিয়ানমারের সঙ্গে ভিন্ন আচরণ করছে।

আর্থিক ও মানবিক সহায়তার প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করে মিন অং হ্লাইং বলেন, মিয়ানমার প্রতি বছর আসিয়ানের সদস্যপদ ফি বাবদ প্রায় ১০ লাখ মার্কিন ডলার পরিশোধ করে আসছে। কিন্তু ২০২৫ সালের মার্চ মাসে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর আসিয়ানের কাছ থেকে মিয়ানমার মাত্র ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা পেয়েছে। এ ছাড়া ওই দুর্যোগের পর বিশ্বব্যাংকের কাছ থেকেও মিয়ানমার কোনো ঋণ পায়নি বলেও উল্লেখ করেন তিনি।

পটভূমি ও আসিয়ানের অবস্থান

চলতি সপ্তাহে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে জোটের নেতারা মিয়ানমারের বিষয়ে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করার পরই মিন অং হ্লাইং এই প্রতিক্রিয়া দেখালেন। গত ১৫ নভেম্বর গৃহীত এক বিবৃতিতে আসিয়ান নেতারা মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার নিন্দা জানান।

এ ছাড়াও পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অর্থপূর্ণ অগ্রগতি না হওয়া পর্যন্ত জোটের উচ্চপর্যায়ের বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্বের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এমনকি চলতি বছরের নির্বাচনের পর মিন অং হ্লাইং প্রেসিডেন্টের দায়িত্ব নিলেও আসিয়ান এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তবে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে টেকসই অগ্রগতি হলে পর্যায়ক্রমে মিয়ানমারের পূর্ণ রাজনৈতিক অংশগ্রহণ ফিরিয়ে দেয়ার পথ খোলা রেখেছে জোটটি।

বিশ্লেষকদের মতে, মিন অং হ্লাইং আসিয়ান থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কোনো ঘোষণা না দিলেও তার এই হুমকি আঞ্চলিক জোটটির সঙ্গে মিয়ানমারের চলমান টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *