জাতিগত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় সংসদীয় ককাস গঠন, সভাপতি আন্না মিনজ
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদে জাতিগত জনগোষ্ঠীগুলোর অধিকার, মর্যাদা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে ১০ সদস্যের ‘জাতিগত জনগোষ্ঠী বিষয়ক সংসদীয় ককাস’ গঠন করা হয়েছে। সংরক্ষিত নারী আসন-১৯-এর সংসদ সদস্য আন্না মিনজকে এ ককাসের সভাপতি করা হয়েছে। সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত এই ককাসের মাধ্যমে জাতিগত সম্প্রদায়গুলোর বিভিন্ন সমস্যা ও দাবি সংসদীয় পর্যায়ে তুলে ধরা এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ ও এস উইংয়ের আইপিআর শাখা-২ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মঈন খান আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্তক্রমে জাতিগত সম্প্রদায়বিষয়ক পার্লামেন্টারি ককাস গঠন করা হয়েছে। জাতিগত সম্প্রদায়গুলোর বিষয়ে সংসদীয় সম্পৃক্ততা জোরদার করা এবং এ-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সমন্বয় বাড়ানো ককাস গঠনের মূল উদ্দেশ্য।
প্রজ্ঞাপন অনুযায়ী, ককাসের সভাপতি আন্না মিনজ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, নওগাঁ-৩ আসনের মো. ফজলে হুদা, নাটোর-৩ আসনের মো. আনোয়ার উল ইসলাম, শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল, মৌলভীবাজার-৪ আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী, দিনাজপুর-২ আসনের মো. সাদিক রিয়াজ, রংপুর-৬ আসনের মো. নুরুল আমিন, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সংরক্ষিত নারী আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মারমা।
দলীয় পরিচয়ের হিসাবে ১০ সদস্যের এই ককাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আটজন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন সংসদ সদস্য রয়েছেন। জামায়াতে ইসলামীর দুই সদস্য হলেন মো. নুরুল আমিন ও মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রজ্ঞাপনে ককাসের চারটি প্রধান কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাতিগত জনগোষ্ঠীগুলোর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করা, সরকারি উন্নয়ন কর্মসূচিগুলোর মধ্যে সমন্বয় সাধন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখা এবং জাতিগত সম্প্রদায়সংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবিলায় জাতীয় সংসদের কার্যকারিতা বৃদ্ধি করা।
এ ছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এ পার্লামেন্টারি ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ডেপুটি স্পিকার থাকবেন পৃষ্ঠপোষক। ককাসের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক সহযোগিতা দেবে জাতীয় সংসদ সচিবালয়।
জাতিগত জনগোষ্ঠীগুলোর অধিকার, মর্যাদা, উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংসদীয় আলোচনায় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার ক্ষেত্রে নবগঠিত এই ককাস কী ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।