পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকায় যখনই প্রয়োজন হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমন এবং বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে তারেক রহমান বলেন, পাহাড়ের দুর্গম জনপদে মানুষের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সদস্য জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন। দেশে-বিদেশে দায়িত্ব পালনকারী এসব সদস্যের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী দেশে ও বিদেশে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত সদস্যদের প্রতিও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। একইভাবে ২০২৪ সালে দেশের ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর মধ্যে প্রথমটি হচ্ছে যেকোনো মূল্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং দ্বিতীয়টি হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্র বাহিনীকে আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। তিন বাহিনীর পৃথক সক্ষমতাকে সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনতে ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ। সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা বজায় রাখতে চেইন অব কমান্ড, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার ওপরও গুরুত্ব দেন তিনি।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত উন্নয়নের পাশাপাশি তাঁদের ও পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণাও দেন তিনি।
সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও বিদেশে দায়িত্ব পালনের প্রশংসা করে তারেক রহমান বলেন, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সদস্যরা ভবিষ্যতেও পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করলে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বক্তব্যের শুরুতে সেনানিবাসে আসার পর ব্যক্তিগত স্মৃতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ। এ সময় মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তারেক রহমান।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।