সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, ৫ ট্রলিং বোটসহ আটক ১০১ জেলে
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল এবং ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে এ অভিযান পরিচালনা করা হয়। সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে পরিচালিত ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ অভিযানটি চালায়।
অভিযান চলাকালে সন্দেহজনকভাবে মাছ আহরণরত অবস্থায় পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করেন কোস্ট গার্ডের সদস্যরা। পরে বোটগুলো জব্দ করে তল্লাশি চালানো হলে সেগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১০১ জন জেলেকেও আটক করা হয়।
কোস্ট গার্ডের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা মাছের পরিমাণ ১৩ হাজার ২০০ কেজি। অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দ করা বোটগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা পাঁচটি ট্রলিং বোট, ২৮টি ট্রলিং জাল, ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ এবং আটক ১০১ জন জেলেকে নিয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।