আসাম সীমান্তে নিখোঁজ বিএসএফ সদস্যকে জকিগঞ্জ থেকে উদ্ধার করল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের আসাম সীমান্তে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে উদ্ধার করা হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া বিএসএফ সদস্যের নাম কে. ভেনু (৩০)। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং বিএসএফের ৭৫ ব্যাটালিয়নের কনস্টেবল (জিডি) হিসেবে আসামের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেল আসাম-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২২ ও ২৩ নভেম্বরের মধ্যবর্তী রাতে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হন কে. ভেনু। সে সময় তার সঙ্গে বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদবও ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, চার থেকে পাঁচজন সন্দেহভাজন পাচারকারীকে ধাওয়া করার একপর্যায়ে দুই বিএসএফ সদস্য বরাক-সুরমা নদীতে নামেন। এ সময় পাচারকারীরা পাঁচটি মহিষ ফেলে পালিয়ে যায়। পরে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নিরাপদে নদীর তীরে ফিরতে সক্ষম হলেও নিখোঁজ হন কে. ভেনু। ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে ভেসে অথবা পথ হারিয়ে তিনি বাংলাদেশের ভূখণ্ডে চলে আসেন।
নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে নদী ও আশপাশের এলাকায় প্রায় ২৪ ঘণ্টা তল্লাশি চালায় বিএসএফ। প্রথমদিকে তার নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা করা হলেও পরবর্তী সময়ে বাংলাদেশের ভূখণ্ডে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে বিজিবি সদস্যরা জকিগঞ্জের আমলশীদ সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করেন।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে কে. ভেনুকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।