মহাপিণ্ড দানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব

মহাপিণ্ড দানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব

মহাপিণ্ড দানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মহাপিণ্ড দানের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শেষ হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব। বুধবার সকালে তিন পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আসা পুণ্যপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুরা বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারে সমবেত হন। পরে সেখান থেকে মহাপিণ্ডচারণের উদ্দেশ্যে বের হন তাঁরা।

মহাপিণ্ডচারণ উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুরা বান্দরবান শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় শহরের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বৌদ্ধ সম্প্রদায়ের শত শত নর-নারী, যুবক-যুবতী ও দায়ক-দায়িকারা পুণ্যলাভের আশায় ভিক্ষুদের শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী দান করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মহাপিণ্ড দান কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসবের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে, বুধবার বিকেলে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা ও ভক্তদের অংশগ্রহণে বিহার প্রাঙ্গণে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে তিন পার্বত্য জেলার সহস্রাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নেবেন। শীল গ্রহণ, ধর্মদেশনা ও সহস্র প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দেশ, জাতি ও সকল প্রাণীর মঙ্গল কামনা করা হবে।

প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পর থেকে বান্দরবান জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের আয়োজন করা হয়। মাসব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, পূজা, প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর মহাপিণ্ড দানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে।

মূলত, তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দায়ক-দায়িকারা কঠিন চীবর দান করেন। তুলা থেকে সুতা তৈরি, সেই সুতা দিয়ে কাপড় বুনন এবং এক রাতের মধ্যে চীবর প্রস্তুত করার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এ দান। এই কঠিন ও ঐতিহ্যবাহী প্রস্তুতিপদ্ধতির কারণেই দানটি ‘কঠিন চীবর দান’ হিসেবে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব, যা ধর্মীয় অনুশাসন, ত্যাগ, দান ও আধ্যাত্মিক সাধনার প্রতীক হিসেবে বিবেচিত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *