আইনশৃঙ্খলা রক্ষায় কক্সবাজারে কঠোর অবস্থানে পুলিশ, অতিরিক্ত বিজিবি মোতায়েন
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে বৈঠক করে দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান।
জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। জেলা পুলিশের পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তায় উখিয়া উপজেলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও জেলা পুলিশকে সহায়তার জন্য গত ২৭ নভেম্বর থেকে উখিয়া উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মাধ্যমে যেকোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।”
তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।”
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন বলেন, “কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক। জেলার বিভিন্ন স্থানে হত্যা, অপহরণ ও মানবপাচারের মতো ঘটনা ঘটছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে গিয়ে দেশের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যকেও প্রাণ দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত তৎপরতা বাড়াতে হবে। গুরুত্বপূর্ণ এলাকা ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহল, নজরদারি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান জোরদার করতে হবে।”
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান বলেন, “তথাকথিত লকডাউনের বিপরীতে কক্সবাজার জেলা পুলিশ হার্ডলাইনে রয়েছে। জেলার প্রতিটি থানার ওসিদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “কোথাও যাতে আইনবিরোধী কোনো ঘটনা ঘটতে না পারে, সে জন্য জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। জেলা পুলিশের দক্ষ ও সমন্বিত নজরদারিতে সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।