রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কমিটি ঘোষণা, কাইয়ুম সভাপতি, মোক্তার সাধারণ সম্পাদক - Southeast Asia Journal

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কমিটি ঘোষণা, কাইয়ুম সভাপতি, মোক্তার সাধারণ সম্পাদক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রোমে বৈষম্য নিরসন ও পাহাড়ের সকল সম্প্রদায়ের অধিকার আদায়ের ঐক্যবদ্ধ সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম সভাপতি, মোক্তার হোসেন সোহেল সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ মহিউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ সাব্বির আহমেদ।

শনিবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টার সময় বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও মোঃ আবসার হোসেন এর সঞ্চালনায় কাচালং সরকারী কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলকাছ আল মামুন ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোঃ কাজী মজিবর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ সাব্বির আহমেদ, খাগড়াছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও জেলা সভাপতি আব্দুল মজিদ, রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, কেন্দ্রীয় নেতা মোঃ মাসুম রানা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি শাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় অখন্ডতা বজায় রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে ১৯৯৭ সালে ঐতিহাসিক ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’ সম্পাদন করেন। চুক্তির শর্ত অনুযায়ী শান্তিবাহিনী আত্মসমর্পণ করলেও কিছু অস্ত্র জমা দিয়ে তাদের সশস্ত্র তৎপরতা অব্যাহত রেখেছে। চাঁদাবাজির টাকায় তাদের অস্ত্রের ভাণ্ডার দিন দিন আরও সমৃদ্ধ হয়েছে। আর এ চাঁদাবাজির টাকার লোভে জনসংহতি সমিতি ভেঙ্গে একের পর এক মোট চারটি উপজাতি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে। যার ফলে এ অঞ্চলের মানুষ চুক্তির কাঙ্খিত সুফল পাচ্ছে না।

উল্লেখ্য, দেশপ্রেম, সম্প্রীতি, উন্নয়নের স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় ২০১৯ সালের ৫ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদযাত্রা শুরু হয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের। সে সময় এ সংগঠনের সহযোগী সংগঠন হিসেবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ নামে দুটি সংগঠনের নাম ঘোষণা করা হয়।